Home রাজনীতি ‘বিএনপি সরকারের সময় সুশাসন পাইনি, তাই বের হয়ে এসেছি’: অলি আহমদ

‘বিএনপি সরকারের সময় সুশাসন পাইনি, তাই বের হয়ে এসেছি’: অলি আহমদ

0
6
‘বিএনপি সরকারের সময় সুশাসন পাইনি, তাই বের হয়ে এসেছি’: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপি সরকারের সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু প্রত্যাশিত সুশাসন না পাওয়ায় তিনি বিএনপি থেকে বের হয়ে আসেন।

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৪
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৪

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অলি আহমদ এসব কথা বলেন। তার বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘বিএনপি সরকারের সময় বলেছি সুশাসন প্রতিষ্ঠা করেন। দুর্নীতিবাজদের জেলে দেন। সুশাসন পাইনি, আমি বের হয়ে এসেছি।’

‘আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়’

১৯৯১ সালের পর যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করে অলি আহমদ বলেন, তিনি দলমত নির্বিশেষে সব সংসদ সদস্যের জন্য কাজ করেছেন।

তার ভাষ্য, তাকে শুধু বিএনপির জন্য কাজ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি এতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হিসেবে। আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়।’

প্রয়োজনে পদ ছাড়তে রাজি ছিলেন উল্লেখ করে অলি আহমদ বলেন, তিনি বেইমানি বা মোনাফেকি করতে পারেননি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অলি আহমদ বলেন, বাংলাদেশ বিপদের মুখে পড়লে তিনি সম্মুখভাগে ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিদ্রোহ করার কথাও উল্লেখ করেন তিনি।

অলি আহমদের দাবি, তিনি নিজেই জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে পাশাপাশি বসেছিলেন। পরে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বলে তিনি উল্লেখ করেন।

‘আমাকে গালি দেয়, আমি কিছু বলি না’

বর্তমানে তাকে নিয়ে নানা ধরনের সমালোচনা ও কটূক্তি করা হয় বলেও মন্তব্য করেন অলি আহমদ। তিনি বলেন, এসব বিষয়ে তিনি প্রতিক্রিয়া দেখান না।

তার ভাষায়, ‘যে যে স্তরের লোক তার চিন্তাধারাই তো ওই স্তরের।’

এ ছাড়া জিয়াউর রহমানের সময় হওয়া ১৯টি ‘ক্রু’-তে তিনি সম্মুখযোদ্ধা ছিলেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন এলডিপি সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here