নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৫
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৫
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম।
সাইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, সাইমন বুধবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। তার মরদেহ চট্টগ্রামে পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে।
এর আগে গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
পরে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সাইমনের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












