বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের দিকে ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার ভেতরে এবং অন্যটি জলসীমার বাইরে সাগরে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় আমিরাতের জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NCEMA) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী মূল্যায়নে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি সমুদ্রপথে চলাচলকারী নৌযানকে লক্ষ্য করে ছোড়া হয়ে থাকতে পারে। উভয় ক্ষেপণাস্ত্রই সাগরে পড়ে। তবে ইরান আমিরাতের এই অভিযোগ অস্বীকার করেছে।
এর এক দিন আগে, আমিরাত অভিযোগ করে যে ইরান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC)-এর একটি জাহাজে হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানকে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানায় আবুধাবি।
গত মে মাসের পর আমিরাতে এ ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হলো। এর আগে চলতি বছরের ৪ মে ফুজাইরাহ বন্দরে হামলার পরও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল।
এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। এতে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই ক্ষেপণাস্ত্র ঘটনাকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি, রয়টার্স












