জাতীয় নিউজ ডেস্ক/বিডি ভিউজ বাংলা
প্রকাশের তারিখ: ২৪ আগস্ট ২০২৬
আপডেটের তারিখ: ২৪ আগস্ট ২০২৬
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তাঁকে তিন বছরের মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুর রহমান খানকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিন বছর তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান বাংলাদেশের পক্ষে বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কার্যক্রম, বিভিন্ন বৈঠক এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।
এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব
২০২৪ সালের ১৪ আগস্ট মো. আবদুর রহমান খান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়।
নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।












