আন্তর্জাতিক নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬
আপডেট: ২৫ আগস্ট ২০২৬
সিরিয়াকে বিশ্ব সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থাকা বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তকমাও প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্তের কথা জানান। তাঁর দাবি, এর ফলে সিরিয়ার ওপর থাকা বিভিন্ন রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি হবে এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহযোগিতার সুযোগও বাড়বে।
রুবিও বলেন, গত এক বছরে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নেতৃত্বাধীন সিরীয় সরকার আইএস, আল-কায়েদা, হিজবুল্লাহ ও ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর নেটওয়ার্ক মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
১৯৭৯ সালে প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের শাসনামলে সিরিয়াকে মার্কিন সন্ত্রাসবাদ-সমর্থক রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। দীর্ঘ কয়েক দশক পর ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে সিরিয়ার জন্য বড় কূটনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা এবং ওয়াশিংটন, দামেস্ক ও আঙ্কারার মধ্যে উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।
বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিল হলে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য ও পুনর্গঠন কার্যক্রমে নতুন সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই












