Home রাজনীতি জিসান হত্যা মামলা: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

জিসান হত্যা মামলা: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

0
9
জিসান হত্যা মামলা: শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক | BD Views Bangla
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আব্দুর রহমান জিসানকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী-শীর্ষ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ

রোববার (৩০ আগস্ট) যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই কাউছার হুসাইন গত ৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। আগামী ৬ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

চার্জশিটে যাদের নাম

শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ছাড়াও চার্জশিটে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক ও জাহাঙ্গীর কবীর নানক

এ ছাড়া সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও মশিউর রহমান সজল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকার সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান রয়েছেন।

চার্জশিটে যেসব অভিযোগ

চার্জশিটে বলা হয়েছে, ১৯ জুলাই গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দমনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর শেখ হাসিনার নির্দেশনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিদেশ থেকে দেওয়া বার্তার মাধ্যমে অন্য আসামিদের অংশগ্রহণে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, তৎকালীন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও র‌্যাবের কর্মকর্তারা আন্দোলন দমনে অধস্তন কর্মকর্তাদের নির্দেশ দেন। তাদের নির্দেশে ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নেয় বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

পানি পান করানোর সময় গুলিতে নিহত জিসান

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন আব্দুর রহমান জিসান।

সেদিন আন্দোলনকারীদের পানি পান করাচ্ছিলেন তিনি। এ সময় গুলিতে জিসান নিহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় জিসানের বাবা বাবুল মিয়া ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: সংশ্লিষ্ট আদালত ও পুলিশ সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here