আন্তর্জাতিক নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রিকস সম্মেলন উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। সাত বছর পর ভারতে তার প্রথম সফর হওয়ায় শির আগমনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। সফর ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা।
শি জিনপিংয়ের যাতায়াতের পথে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা ও পাঁচটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য এবং আধাসামরিক বাহিনীর ২০০ কোম্পানি।
বহুস্তরের নিরাপত্তা
শি জিনপিং দিল্লির তাজ প্যালেস হোটেলে অবস্থান করবেন। তার সফরকে কেন্দ্র করে হোটেলটির ওপর নো-ফ্লাই জোন কার্যকর রাখা হবে। মোতায়েন করা হয়েছে সন্ত্রাসবিরোধী ও বোমা শনাক্তকারী দল।
এ ছাড়া সম্ভাব্য পারমাণবিক, তেজস্ক্রিয় এবং জৈব-রাসায়নিক হুমকি শনাক্তে বিশেষ নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। হোটেলের আশপাশের ভূগর্ভস্থ পাইপলাইন ও অন্যান্য অবকাঠামোও পরীক্ষা করা হচ্ছে।
১০ দিন আগেই ভারতে শির রাষ্ট্রীয় গাড়ি
চীনা প্রেসিডেন্টের সফরের প্রায় ১০ দিন আগেই কার্গো বিমানে ভারতে পাঠানো হয় তার রাষ্ট্রীয় গাড়ি ‘হংকি’, একটি বিকল্প গাড়ি এবং যোগাযোগ সরঞ্জাম।
তবে বিদেশি নিরাপত্তা দলের আনা কিছু সরঞ্জাম ব্যবহারে ভারতের বিধিনিষেধ রয়েছে। স্যাটেলাইট যোগাযোগের সরঞ্জামসহ নির্দিষ্ট কিছু অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের অনুমতি না থাকায় সেগুলো কাস্টমসের কাছে জমা দিতে হয়।
বিশেষায়িত বোয়িং ৭৪৭-৮ বিমানে শির সফর
শি জিনপিং এয়ার চায়নার পরিচালিত একটি বিশেষায়িত বোয়িং ৭৪৭-৮ বিমানে ভ্রমণ করছেন। বিমানটিতে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রায় ২৪ ঘণ্টা ভারতে অবস্থানের পর রোববার সকাল ১১টার দিকে ভারত মণ্ডপম থেকে বিমানবন্দরের উদ্দেশে শি জিনপিংয়ের রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি













