অর্থনীতি ডেস্ক | বিডি ভিউজ বাংলা
বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় তিন বছর পর স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত ব্যাংকটিতে ১৪ জন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ছয়জনই চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিনিধি।
নতুন পরিচালকদের তালিকায় রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি ফরিদ উদ্দিন আহমেদ, কেওয়াই স্টিল মিলের প্রতিনিধি শরিফ উদ্দিন তসলিম, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি মাহবুব আহমেদ এবং কেডিএস গ্রুপের ব্যবসায়িক অংশীদার ও প্যাসিফিক জিনসের উদ্যোক্তা বদিউর রহমান।
এ ছাড়া নতুন পরিচালকদের মধ্যে রয়েছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের একাধিক উদ্যোক্তা পরিচালক ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাদের মধ্যে রয়েছেন নাজমুল আহসান খালেদ, লিয়াকত আলী চৌধুরী, ইমাদুর রহমান, রফিকুল ইসলাম, এনায়েত উল্লাহ, আবদুস সালাম, আনোয়ার হোসাইন এবং আহামেদুল হক।
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্ট থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংকও স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, পূর্বে দায়িত্ব পালন করা উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকেই নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে পুনর্গঠনের আওতায় থাকা অন্যান্য ব্যাংকের পরিচালনা পর্ষদও পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে। যেসব সাবেক পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের আবেদন বিবেচনা করে পুনরায় পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে।
বর্তমানে ব্যাংকটির স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন খাজা শাহরিয়ার। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন শাহীন উল ইসলাম, আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।










