আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রায় সাড়ে চার বছরের মধ্যে রাজধানী কিইভে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোররাতে কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতরা কিইভের ছয়টি জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় পুলিশ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেন মূলত যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। তবে বর্তমানে এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে প্রায় প্রতিদিনের রুশ হামলা মোকাবিলায় দেশটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে।
এদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাও বেড়েছে। মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে। সমালোচকদের একাংশের দাবি, যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত ইউক্রেনের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিইভের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে আবাসিক ভবন, অফিস, শিল্প এলাকা, ছাত্রাবাস ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারীরা একাধিক ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিলেও পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ছাড়া রাশিয়ার ড্রোন হামলায় মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে একজন নিহত হয়েছেন। জাপোরিজিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় ট্রেনচালক নিহত হন এবং ট্রেনে আগুন ধরে যায়।
ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া ছোড়া ৪১টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তাদের বাহিনী কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দিতে প্রস্তুত। তবে এ অনুমোদন কবে কার্যকর হবে এবং উৎপাদন শুরু হতে কত সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আল জাজিরা












