ঢাকা | বিডি ভিউজ বাংলা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, অতিভারী বর্ষণের কারণে রাজধানীর নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। পাশাপাশি, নগরজীবন, সড়ক যোগাযোগ ও স্বাভাবিক যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।
এর আগে গত সপ্তাহে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতার কারণে নগরবাসী চরম দুর্ভোগে পড়েন, ব্যাহত হয় সড়ক যোগাযোগ এবং কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটে।
নতুন করে ভারী বর্ষণের পূর্বাভাসের পর আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর










