জাতীয় ডেস্ক | বিডি ভিউজ বাংলা
দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে তিনটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত এফএফডব্লিউসির নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
যেসব নদীর পানি বিপৎসীমার ওপরে
বুলেটিন অনুযায়ী বর্তমানে—
- কুশিয়ারা নদী – ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ)
- সুরমা নদী – ছাতক (সুনামগঞ্জ)
- সোমেশ্বরী নদী – কলমাকান্দা (নেত্রকোনা)
স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা
এফএফডব্লিউসি জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিনে আরও বাড়তে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
সিলেট-সুনামগঞ্জে পরিস্থিতি আরও খারাপ হতে পারে
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে, আর কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে উভয় নদীর পানি আবার বাড়ার পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় নদীর পানি পুনরায় বিপৎসীমা অতিক্রম করে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।
আরও যেসব নদীর পানি বাড়ছে
এফএফডব্লিউসি জানিয়েছে, সারিগোয়াইন, যাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও বাড়ছে।
এর ফলে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনায় পানি বৃদ্ধি
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে।
আগামী পাঁচ দিনে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামেও সতর্কতা
উত্তরাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী, আত্রাই ও ঘাঘট নদীর পানিও বাড়ছে।
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নওগাঁ ও নাটোরের কিছু এলাকায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।
এদিকে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিনের মধ্যে সাঙ্গু, হালদা ও মাতামুহুরী নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি), দৈনিক ইত্তেফাক











