জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১২ আগস্ট ২০২৬
নীলফামারীর ডিমলায় স্থানীয়দের তৈরি একটি কাঠের সাঁকো ভেঙে পড়ে জামায়াতের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা দুর্ঘটনার কবলে পড়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হলেও অল্পের জন্য অক্ষত রয়েছেন নীলফামারী-১ আসনের এই সংসদ সদস্য।
বুধবার (১২ আগস্ট) সকালে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত সাঁকোটি পরিদর্শনে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। সেটি পরিদর্শনে সংসদ সদস্য আব্দুস সাত্তার তাঁর নেতাকর্মীদের নিয়ে সাঁকোর ওপর ওঠেন।
এ সময় হঠাৎ সাঁকোটির একটি অংশ ভেঙে পড়ে। এতে সাঁকোর ওপর থাকা কয়েকজন নিচে পড়ে যান এবং দুইজন আহত হন। সংসদ সদস্য আব্দুস সাত্তার অবশ্য অক্ষত রয়েছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন হাস্যরসাত্মক ও ট্রলমূলক মন্তব্য করছেন অনেকে।
নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, সাঁকোটি স্থানীয় বাসিন্দারা নিজেদের অর্থায়নে তৈরি করেছেন। সংসদ সদস্য পরিদর্শনে গেলে তাঁর সঙ্গে অনেকেই সাঁকোর ওপর ওঠেন। পরে হঠাৎ সেটি ভেঙে পড়ে কয়েকজন নিচে পড়ে যান।
সংসদ সদস্য আব্দুস সাত্তার বলেন, সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। এলাকায় সরকারি অর্থায়নে স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।












