বিডি ভিউজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসেনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে আগামী এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমার খুতবা ও নামাজ শেষে আল-আকসা মসজিদ থেকে বের হওয়ার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শেখ মুহাম্মদ হুসেনকে আটক করে। পরে তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়।
ওয়াফা জানায়, আটকের পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদে তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ বা কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজ জানিয়েছে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই আটক অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে অধিকৃত জেরুজালেমের একটি তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালেও গাজা উপত্যকায় ইসরায়েলের ‘ক্ষুধার্ত করার নীতি’ বা কৃত্রিম দুর্ভিক্ষের সমালোচনা করে জুমার খুতবায় বক্তব্য দেওয়ার পর শেখ মুহাম্মদ হুসেনকে আটক করা হয়েছিল। সে সময় প্রথমে এক সপ্তাহ এবং পরে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে তার প্রবেশ নিষিদ্ধ করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে গত ১ জুলাইও ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় একদল কট্টরপন্থী ইসরায়েলি দখলদার ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, তারা মসজিদ চত্বর ঘুরে উস্কানিমূলকভাবে তালমুদীয় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে ইসরায়েলি পুলিশ।
সূত্র: ওয়াফা, রোয়া নিউজ









