আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বোকা’ বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ও কূটনৈতিক আচরণের ক্ষেত্রে তেহরানকে নিজেদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার।
ইরানের এই কর্মকর্তা বলেন, ‘আজকের ইরান যুদ্ধের আগের ইরানের মতো নয়।’
তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক সামরিক নিয়োগগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে তেহরান সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চায়।
যুক্তরাষ্ট্র সম্পর্কে ইরানিদের দৃষ্টিভঙ্গি বদলেছে
রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলা যায়—ইরানি তরুণদের মধ্যে যুক্তরাষ্ট্রকে ‘শান্তিপ্রিয়’ দেশ হিসেবে দেখার ধারণায় বড় ধরনের পরিবর্তন এসেছে।
তিনি বলেন, ‘পুরো বিশ্ব বুঝে গেছে যে ট্রাম্প একজন বোকা।’
ইরানি এই কর্মকর্তার বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা চলছে।
রেজাইয়ের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তেহরান ভবিষ্যৎ সংঘাতের ক্ষেত্রে শুধু সামরিক প্রস্তুতিই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক আচরণের কৌশলেও পরিবর্তন আনার কথা বিবেচনা করছে।
তবে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা












