আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬
ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এমভি ওশান-উইনার নামের জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
জাহাজটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
ভারতীয় কর্মকর্তারা জানান, ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (MRCC) জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান
জাহাজটির অবস্থান শনাক্ত এবং ক্রু সদস্যদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।
তবে এখন পর্যন্ত জাহাজটির কতজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমরা নিশ্চিত নই, ক্রু সদস্যদের কতজনকে উদ্ধার করা হয়েছে।’
উদ্ধার অভিযান আরও জোরদার করতে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে। তাদেরও অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
জাহাজটিতে একজন বাংলাদেশি নাগরিক থাকায় ঘটনাটি বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। তার পরিচয় ও বর্তমান অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্র: এনডিটিভি












