বিডি ভিউজ বাংলা ন্যাশনাল ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে জনগণ আগামীকালই দেশে আনতে চায়।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল ইসলাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তিনি ডিসেম্বরে কেন, বিচারের মুখোমুখি করতে জনগণ তাকে কালই দেশে আনতে চায়।’
তিনি আরও বলেন, আইনগতভাবে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, জুলাইয়ের ঘটনাসংক্রান্ত মামলার আসামিদের বিচার কার্যক্রমের পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দলটির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে তিনি জানান।










