নিজস্ব প্রতিবেদক | ঢাকা
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং চিকিৎসাসেবা জোরদার করতে দেশের ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরে বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান, দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় কাজ করছেন।
দুর্যোগ মোকাবিলায় এসব জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে বাহিনীটি। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
বিজিবির তথ্য অনুযায়ী, বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। পাশাপাশি নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে স্থানীয় মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
বিজিবি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।











