Home আন্তর্জাতিক কলকাতা বিমানবন্দর-সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ

কলকাতা বিমানবন্দর-সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রবেশপথ বন্ধ বিমানবন্দর কর্তৃপক্ষের; আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান মুসলিম নেতাদের

0
25
কলকাতা বিমানবন্দর-সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর-সংলগ্ন ১৩৬ বছরের পুরোনো ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদে’ আপাতত নামাজ আদায় বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার পর্যন্ত সেখানে নামাজ আদায় করা হলেও শনিবার থেকে মসজিদে প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।

মসজিদটিতে প্রবেশের একমাত্র পথ ছিল বিমানবন্দরের ৮ নম্বর গেট। ফটক বন্ধ হয়ে যাওয়ায় মুসল্লিরা বর্তমানে মসজিদে প্রবেশ করতে পারছেন না।

আগে কোনো নোটিশ দেওয়া হয়নি: মসজিদ কমিটি

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহম্মদ জমিরউদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ফটক বন্ধের বিষয়ে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

তবে তিনি বলেন, মসজিদটি স্থানান্তরের বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। সে সময় বিকল্প হিসেবে আরও প্রশস্ত জায়গা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল।

নিরাপত্তা বিধিমালার কারণ দেখাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধিমালা অনুযায়ী রানওয়ে থেকে যেকোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হতে হয়। কিন্তু বাঁকড়া এয়ারপোর্ট মসজিদটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত।

কর্তৃপক্ষের দাবি, মসজিদটি বিমানবন্দরের নিরাপত্তা-নিয়ন্ত্রিত এলাকার মধ্যে থাকায় নিরাপত্তার স্বার্থে এটি স্থানান্তর করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, এলাকাটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছে এবং অতীতেও সংস্থাটি এ স্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছিল।

বিমানবন্দরের আগেই প্রতিষ্ঠিত মসজিদ

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মসজিদটি ১৮৯০ সালে ‘গৌরীপুর জামে মসজিদ’ নামে প্রতিষ্ঠিত হয়। পরে এর নাম পরিবর্তন করে ‘বাঁকড়া এয়ারপোর্ট মসজিদ’ রাখা হয়।

অন্যদিকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে, অর্থাৎ বিমানবন্দর নির্মাণের প্রায় ৩৪ বছর আগে মসজিদটির প্রতিষ্ঠা।

স্থানীয় ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী, একসময় অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল, এমনকি বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা থেকেও মানুষ এ মসজিদে নামাজ আদায় করতে আসতেন। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার বহু মুসল্লি নিয়মিত এখানে নামাজ আদায় করেন।

শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

ঘটনার পর উত্তেজনা এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী

তিনি বলেন, বিষয়টি দুঃখজনক হলেও কেউ যেন এ নিয়ে উত্তেজনায় না জড়ান। আলোচনার মাধ্যমে সমাধান এবং মুসল্লিদের নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করতে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে তিনি বলেন, জোরপূর্বক মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া উচিত হয়নি। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এবং জমিয়ত উলামায়ে হিন্দসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here