আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার বিনিময়ে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, হরমুজ প্রণালির প্রকৃত প্রহরী ইরানই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দীর্ঘদিন ধরে ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে আসছে। তাই এ ধরনের নিরাপত্তা সেবার জন্য কোনো মাশুল নির্ধারণ করা হলে তা ন্যায্য হওয়া উচিত।
ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফি প্রসঙ্গে আরাগচি বলেন, যারা নিরাপত্তা নিশ্চিত করবে তাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত—এ বক্তব্য সঠিক। তবে ইরানই সবসময় এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ট্রাম্পের প্রস্তাবিত ফি ‘অতিরিক্ত’।
এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে জানান, হরমুজ প্রণালি ব্যবহারকারী সব কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এই অর্থ জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় মেটাতে ব্যবহার করা হবে।










