Home রাজনীতি ‘৩৬ জুলাই’ স্মরণে উত্তরায় জামায়াতের জুলাই গ্রাফিতি আর্ট কর্মসূচি শুরু

‘৩৬ জুলাই’ স্মরণে উত্তরায় জামায়াতের জুলাই গ্রাফিতি আর্ট কর্মসূচি শুরু

0
6
‘৩৬ জুলাই’ স্মরণে উত্তরায় জামায়াতের জুলাই গ্রাফিতি আর্ট কর্মসূচি শুরু

ঢাকা | বিডি ভিউজ বাংলা

‘৩৬ জুলাই’ স্মরণে রাজধানীর উত্তরার বিভিন্ন সড়কে ‘জুলাই গ্রাফিতি আর্ট’ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর।

শনিবার সকালে উত্তরার নর্থ টাওয়ার (হাউজবিল্ডিং) এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, ক্ষমতাসীনদের দুর্বলতা এবং জনগণের গণভোটের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে দলটির পুনর্বাসনের চেষ্টা করছেন।

ডিএনসিসির মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, “জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র কিংবা অপমানজনক বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না।”

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘৩৬ জুলাই’-এর সফলতা অর্জিত হয়েছে এবং জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণ করা উচিত।

জুলাই আন্দোলনে উত্তরার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় এ এলাকায় অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আন্দোলন সফল হয়েছে।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, আগামী ২০ থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘স্মৃতিতে জুলাই’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ জুলাই আয়োজন করা হবে ‘তুলিতে জুলাই’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আগামী ৩১ জুলাই পর্যন্ত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলবে। পরে শহীদ মুগ্ধ মঞ্চে সেরা গ্রাফিতি শিল্পীদের পুরস্কৃত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, দক্ষিণখান পূর্ব থানা আমির আবু সাঈদ, উত্তরখান পশ্চিম থানা আমির নিজাম উদ্দিন, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ, তুরাগ মধ্য থানা নায়েবে আমির কামরুল হাসান এবং ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক তাহমিদ হুজাইফা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here