Home আন্তর্জাতিক ইরানের খুজেস্তানে গমের সাইলোতে মার্কিন হামলার দাবি, হতাহতের খবর নেই

ইরানের খুজেস্তানে গমের সাইলোতে মার্কিন হামলার দাবি, হতাহতের খবর নেই

0
7

আন্তর্জাতিক ডেস্ক | বিডি ভিউজ বাংলা

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলায় একটি বড় গমের সাইলো এবং আরও একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে প্রাদেশিক প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক উপ-গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি জানান, হোভেইজেহ কাউন্টির একটি গমের সাইলো এবং দশত-ই আজাদেগান কাউন্টির একটি নির্দিষ্ট স্থাপনায় মার্কিন প্রজেক্টাইল আঘাত হানে।

তিনি বলেন, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা

এই ঘটনার আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তেহরান আলোচনায় ফিরে না এলে আগামী সপ্তাহ থেকে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালানো হবে।

সংঘাত অব্যাহত

গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে ইরান ইতোমধ্যে জাতিসংঘের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে।

উল্লেখ্য, ইরানের পক্ষ থেকে হামলার এ দাবি জানানো হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here