Home আন্তর্জাতিক ইরানে আটক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন, ধন্যবাদ জানালেন ট্রাম্প

ইরানে আটক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন, ধন্যবাদ জানালেন ট্রাম্প

0
7

আন্তর্জাতিক ডেস্ক, বিডি ভিউজ বাংলা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে দেশ ত্যাগের অনুমতি দিয়েছে তেহরান।

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন।’

তিনি আরও বলেন, ‘এই সদিচ্ছার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে ধন্যবাদ জানায়।’

তবে ট্রাম্প তার পোস্টে মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম বা কী কারণে তাকে আটক রাখা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু উল্লেখ করেন, তাকে ‘অন্যায়ভাবে আটক’ রাখা হয়েছিল।

পরে বুধবার রাতে আইনজীবী জ্যারেড জেনসার এক বিবৃতিতে জানান, মুক্তি পাওয়া ওই নারী তার মক্কেল ডেনা কারারি, যিনি একজন মার্কিন-ইরানি নাগরিক।

জেনসার বলেন, ‘শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির ভিত্তিহীন অভিযোগে ইরানে আটক থাকা ডেনা কারারি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন।’

তার ভাষ্য অনুযায়ী, ডেনা কারারি ‘চিলড্রেন অব মেহের ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করতেন। ব্যক্তিগত অনুদানের মাধ্যমে সংস্থাটি ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত। এ কার্যক্রমের কারণেই তিনি তেহরানের নজরে আসেন বলে দাবি করেন জেনসার।

আইনজীবী আরও জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞার মধ্যে থাকাকালে কারারিকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। যদিও তাকে কখনো শারীরিকভাবে কারাগারে রাখা হয়নি, তবুও তিনি দীর্ঘ সময় মানসিক ও শারীরিক দুর্ভোগের মধ্যে ছিলেন বলে দাবি করা হয়েছে।

একই সঙ্গে জেনসার ইরানের প্রতি আহ্বান জানান, যেন অন্যায়ভাবে আটক সব মার্কিন নাগরিক, দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ইরানের হেফাজতে বর্তমানে কয়েকজন পশ্চিমা দেশের নাগরিক রয়েছেন। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনায় তাদের দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ রয়েছে তেহরানের বিরুদ্ধে।

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র জানায়, দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত এক ইরানি নাগরিক ইরানে ১০ বছরের কারাদণ্ড ভোগের পর মুক্তি পেয়েছেন।

সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here