লালমনিরহাট প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশকে অবরুদ্ধ করে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ পুলিশের একটি দল ভবানীপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, হামিদুলের বিরুদ্ধে পূর্ব থেকে একটি মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার পথে হামিদুলের পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এবং অভিযানে বাধা দেন।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও তারা পৌঁছানোর আগেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, অবরুদ্ধ অবস্থায় বাধ্য হয়ে তারা হামিদুল ইসলামকে ছেড়ে দেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “হামিদুল ইসলামের বিরুদ্ধে পূর্ব থেকেই মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। যারা পুলিশের দায়িত্ব পালনে বাধা দিয়েছে এবং মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র।












