জাতীয় নিউজডেস্ক | বিডি ভিউজ বাংলা
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টা ১২ মিনিটের দিকে প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। পরে তাকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে মোবারকবাদ জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দেন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সভাপতিত্ব করেন।
প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ।
সূত্র: বাসস












