Home অন্যান্য শিক্ষা যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক স্থায়ীভাবে চাকরিচ্যুত

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক স্থায়ীভাবে চাকরিচ্যুত

0
41
যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক স্থায়ীভাবে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

প্রকাশের তারিখ: ১৬ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই সর্বশেষ সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, অধ্যাপকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি দুটির প্রতিবেদনে তাকে অব্যাহতির সুপারিশ করা হলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়।

তিনি জানান, উচ্চতর কমিটিতে অভিযুক্ত শিক্ষকের একজন প্রতিনিধি দেওয়ার সুযোগ থাকলেও তিনি প্রতিনিধি দেননি। তবে বিভিন্ন সময়ে নিজের বক্তব্য লিখিতভাবে জানিয়েছেন। উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করেছে।

যে অভিযোগে তদন্ত

এর আগে গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, ক্লাসে উপস্থিতির নম্বর ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে ওই শিক্ষার্থী শিক্ষকের চেম্বারে যান। সেখানে শিক্ষক তাকে পরীক্ষার সাজেশনের কথা বলে প্রশ্ন দেন এবং ছবি না তুলে খাতায় উত্তর লিখতে বলেন। এ সময় তার বিরুদ্ধে শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে অশোভন স্পর্শ ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার বিচার চেয়ে ওই শিক্ষার্থীর মা গত বছরের ১৩ আগস্ট বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন।

পরে বিষয়টি তদন্তে বিভাগের শিক্ষকদের নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার পর অধিকতর তদন্ত শুরু হয়।

এরপর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাস কুমারকে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ তদন্ত ও পরবর্তী প্রক্রিয়া শেষে এবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিল।

সূত্র: সমকাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here