ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৮ আগস্ট ২০২৬
লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিন নারী, এক শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়।
জানা গেছে, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে যাত্রার সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটাতে হয় তাদের।
দেশে ফেরার পর সংশ্লিষ্টরা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রার ক্ষেত্রে মানবপাচারকারী চক্রের ফাঁদে না পড়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)












