নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। দুদকের মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ আলটিমেটাম দেন।
তিনি দাবি করেন, দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া হলেও পরে সংশ্লিষ্ট কর্মকর্তা হোয়াটসঅ্যাপে জানান, বক্তব্যটি ভুলবশত বলা হয়েছে। এ কারণে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাহার এবং দুদককে বিষয়টি পরিষ্কার করার দাবি জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দুদকের মুখপাত্র বক্তব্য প্রত্যাহার না করলে এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো দুদকের দায়িত্ব নিয়ে প্রত্যাহার না করলে মানহানির মামলা করা হবে। একই সঙ্গে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে দুদক জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি, নিয়োগ, পদায়ন ও পদোন্নতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এ বিষয়ে চার সদস্যের একটি অনুসন্ধান টিমও গঠন করা হয়েছে।
অন্যদিকে আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। তার ভাষ্য, অভিযোগে উল্লেখ করা দুটি বিষয়ই সচিব পর্যায়ে নিষ্পত্তি হয়েছে এবং একটি আদালতের আদেশ বাস্তবায়ন ও অন্যটি পিএসসির নিয়ম অনুযায়ী হয়েছে।
তিনি আরও দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং দুদকের মতো তদন্তকারী সংস্থাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য দেওয়া উচিত।
#আসিফমাহমুদ #দুদক #এনসিপি #দুর্নীতিরঅভিযোগ #মানহানিমামলা #বিডিভি















