কূটনৈতিক প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ লক্ষ্যে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি (এগ্রিমো) চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত সপ্তাহেই এগ্রিমোর জন্য প্রস্তাবটি নয়াদিল্লিতে পাঠানো হয়েছে। বর্তমানে ভারতের সম্মতির অপেক্ষায় রয়েছে ঢাকা।
আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ সম্পন্ন করেছেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত, বিশ্বব্যাংক ও আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত, ভিয়েনায় জাতিসংঘ অফিসে প্রতিনিধি, ফিলিপাইনে রাষ্ট্রদূত, ইতালির মিলানে কনসাল জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে আসাদ আলম সিয়ামের সম্ভাব্য দিল্লি যাত্রার খবরে পররাষ্ট্রসচিব পদে নতুন নিয়োগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। সূত্র বলছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: কালবেলা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।












