বিডি ভিউজ বাংলা | ন্যাশনাল ডেস্ক:চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনকে ফটিকছড়ি থানায় দায়ের করা পৃথক দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) পুলিশ তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ দুটি মামলায় পৃথকভাবে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, একটি হত্যা মামলায় ইমনের পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করা হয়েছে। এছাড়া ফটিকছড়ি থানায় দায়ের করা অস্ত্র মামলায় ইমন ও তার চার সহযোগীর আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এদিকে হাটহাজারী থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলাতেও অন্য একটি আদালত তাকে গ্রেপ্তার দেখিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ইমন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কারাগারে থাকা ছোট সাজ্জাদের পর চট্টগ্রামে বড় সাজ্জাদ বাহিনীর অপরাধ কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ইমন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আলোচিত জোড়া হত্যা, ঢাকাইয়া আকবর হত্যা এবং একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে কোটি টাকার চাঁদা দাবির ঘটনাতেও তার নাম এসেছে।
সূত্র: দ্য ডেইলি স্টার বাংলাদেশ।












