Home সর্বশেষ সংবাদ সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

0
37
সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বিডি ভিউজ বাংলা ডেস্ক: সাভার উপজেলার তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে সাভার থেকে বিচ্ছিন্ন করে প্রস্তাবিত কেরানীগঞ্জ মডেল উপজেলার সঙ্গে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে তিন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে জানা যায়, সেই স্বাক্ষর ব্যবহার করে তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার বলেন, নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে সাভারকেন্দ্রিক। জনগণকে অন্য উদ্দেশ্য গোপন রেখে স্বাক্ষর নেওয়া হয়ে থাকলে তা গ্রহণযোগ্য নয় এবং এলাকাবাসী কোনোভাবেই সাভার থেকে বিচ্ছিন্ন হতে রাজি নয়।

সমাবেশে আরও বক্তব্য দেন আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুর রহমান, অ্যাডভোকেট দীন ইসলাম, নয়ন সরকার, যুবদল নেতা শাওন সরকার ও শামসুল হক। তারা বলেন, সাভারের ঐতিহ্য ও প্রশাসনিক কাঠামো অক্ষুণ্ন রাখতে তিন ইউনিয়নকে সাভারের অধীনেই রাখতে হবে। দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা শাহনাজ আক্তার বলেন, সরকারি সুবিধা দেওয়ার কথা বলে মানুষের স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে সেই স্বাক্ষর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা খালেদ সাইফুল্লাহ বলেন, জন্ম থেকে তারা সাভারের বাসিন্দা। জাতীয় পরিচয়পত্র, জমির কাগজপত্র ও সব প্রশাসনিক কার্যক্রম সাভারকেন্দ্রিক হওয়ায় সাভার থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই ওঠে না।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি ইউনিয়ন নিয়ে একটি কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত তালিকায় কেরানীগঞ্জের সাতটি ইউনিয়নের পাশাপাশি সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের নাম রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম বলেন, বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here