Home রাজনীতি ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

0
8
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

১৫ আগস্ট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬

বৃহস্পতিবার (১৩ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সংবেদনশীল স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়েও বিশেষ নজরদারি রাখা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাড়তি নজরদারি

দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে তাদের অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অনুষ্ঠানস্থলে যাতায়াতের বিভিন্ন রুটে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

সাইবার পেট্রোলিং ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

এ ছাড়া কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ দ্রব্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে

সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে র‌্যাব বলেছে, কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here