Home রাজনীতি শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

0
4
শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিডি ভিউজ বাংলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করতে হবে।

শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আজকে একটি ইন্টারভিউ আমরা দেখেছি, যেখানে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। আমাদের দাবি থাকবে, দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। আমরা চাই তিনি দেশে ফিরবেন, তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।”

তিনি বলেন, “বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দেশে ফেরা, আত্মসমর্পণ করা কিংবা বিচার কার্যকরের বিষয়টি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে সরকার।

তার ভাষ্য, “শেখ হাসিনা কিভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয় সরকারকেই ঠিক করতে হবে। সরকারই নির্ধারণ করবে তাকে কখন ও কীভাবে দেশে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে।”

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে তিনি দেশে ফিরবেন কি না, বিচার হবে কি না—এসব বিষয় মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।”

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, “শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো প্রচেষ্টা হলে এবং সরকার যদি সেটিকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে সরকার নিজেই। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষ, আহত ও শহীদ পরিবারের সদস্যরা প্রস্তুত রয়েছেন।”

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটিকে সংগঠনগতভাবেও বিচারের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানা গেছে।

তিনি বলেন, “আমরা মনে করি এটাই সঠিক পথ। শেখ হাসিনার রায় ইতোমধ্যে হয়েছে। এখন সেটি কার্যকর করতে হবে। তিনি দেশে ফিরলে কেবলমাত্র রায় কার্যকর করার জন্যই ফিরবেন। আমরাও চাই সেই রায় কার্যকর হোক।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তারা অংশ নেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here