Home জাতীয় ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই মেগা প্রকল্প, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই মেগা প্রকল্প, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
5
ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই মেগা প্রকল্প, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | বিডি ভিউজ বাংলা

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বড় প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি (CMEC) গ্রুপ আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটিতে প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং প্রকল্পটি অন্তত ২৫ বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম থাকবে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ (B&F) কোম্পানি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইলে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে।

এ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দৈনিক হিসেবে এর উৎপাদন ক্ষমতা প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা

এছাড়া প্রকল্পটি থেকে সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। প্রতিদিন এখানে প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে।

বৈঠকে বলা হয়, দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব উদ্যোগ।

প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here