আন্তর্জাতিক ডেস্ক, বিডি ভিউজ বাংলা: লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও ১৭১ জন বাংলাদেশি বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচির আওতায় তাদের দেশে ফেরানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ার বেনগাজির গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা এসব বাংলাদেশি বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর ৬টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তাদের প্রত্যাবাসন কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম সমন্বিতভাবে কাজ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফেরা অধিকাংশ বাংলাদেশিই মানব পাচারকারীদের প্রলোভনে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। ইউরোপে বিপজ্জনক সমুদ্রপথে পৌঁছে দেওয়ার আশ্বাসে তারা সেখানে গিয়েছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন ও নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হন।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সংস্থা এবং আইওএমের প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরা ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নিজেদের তিক্ত অভিজ্ঞতা জনসাধারণের সঙ্গে ভাগাভাগি করেন। এতে অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়বে।
আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে ভ্রমণ ভাতা, খাদ্য সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।










