Home সারাদেশ সুনামগঞ্জে দ্রুত বাড়ছে নদীর পানি, ২৪ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

সুনামগঞ্জে দ্রুত বাড়ছে নদীর পানি, ২৪ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত নিম্নাঞ্চল; ১,৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন

0
8

ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা | টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সুনামগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক পয়েন্টে তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এদিকে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হতে শুরু করেছে। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের প্রায় ১০০ মিটার অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় ওই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, জগন্নাথপুর উপজেলার বালিশ্রী সড়ক ভেঙে যাওয়ায় ঢলের পানি কাতিয়া, অলইতলী, পূর্ব জালালপুরসহ অন্তত ২০টি গ্রামে প্রবেশ করেছে। এতে বসতবাড়ি, কৃষিজমি এবং গ্রামীণ সড়ক হুমকির মুখে পড়েছে। পাশাপাশি নতুন করে নদীভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার আরও কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, বন্যা মোকাবিলায় একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া জেলার ১,৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত মজুদ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here