Home আন্তর্জাতিক ব্রাজিলের পণ্যে নতুন ২৫% শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের, কার্যকর হতে পারে ২২...

ব্রাজিলের পণ্যে নতুন ২৫% শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের, কার্যকর হতে পারে ২২ জুলাই

0
31
ব্রাজিলের পণ্যে নতুন ২৫% শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের, কার্যকর হতে পারে ২২ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক, বিডি ভিউজ বাংলা: ব্রাজিল থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২২ জুলাই থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন শুল্কের আওতা থেকে গোশত, কফি, নির্দিষ্ট কিছু উড়োজাহাজের যন্ত্রাংশ এবং যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না—এমন কিছু পণ্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, ব্রাজিলের ‘অন্যায্য বাণিজ্য অনুশীলনের’ কারণে মার্কিন কর্মী ও উৎপাদকরা গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি সমাধানে ব্রাজিলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন এখনো প্রস্তুত রয়েছে।

এর আগে মার্কিন তদন্তে ব্রাজিলের কয়েকটি নীতিকে ‘অযৌক্তিক, বৈষম্যমূলক এবং মার্কিন বাণিজ্যের জন্য প্রতিবন্ধক’ হিসেবে উল্লেখ করা হয়। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন ৩০১–এর আওতায় এই শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। একই আইনি ক্ষমতা ব্যবহার করে চলতি বছর আরও কয়েকটি দেশের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের দাবি, ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য নীতি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা ‘পিক্স (Pix)’ মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর জন্য বৈষম্যমূলক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, আলোচনার পথ খোলা থাকলেও তাদের উদ্বেগের দ্রুত সমাধান চায় ওয়াশিংটন। পাশাপাশি ব্রাজিল যেভাবে মেক্সিকো ও ভারতকে বিশেষ শুল্ক সুবিধা দেয়, যুক্তরাষ্ট্রও তেমন অগ্রাধিকারমূলক সুবিধা প্রত্যাশা করছে।

তবে সেকশন ৩০১ তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে তারা সতর্ক করেছে, ব্রাজিল যদি পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে।

এদিকে চলতি মাসে ওয়াশিংটনে ইউএসটিআর কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে ব্রাজিলের রক্ষণশীল প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারো নতুন শুল্ক আরোপ না করার আহ্বান জানান। তার মতে, এই সিদ্ধান্ত বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে পারে।

উল্লেখ্য, আগামী অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here