চট্টগ্রাম প্রতিনিধি, বিডি ভিউজ বাংলা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ধারার সাতটি ইসলামি দলের শীর্ষ নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামীতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নেতারা একমত হন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরীসহ হেফাজতের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
সভায় অংশ নেওয়া নেতারা ভবিষ্যতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে মত দেন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার সিদ্ধান্ত নেন।
বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। নেতারা বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।












