বিডি ভিউজ বাংলা | আন্তর্জাতিক ডেস্ক
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে কেজরিওয়াল জানান, আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ই-২০ পেট্রল নিয়ে আপত্তি জানিয়ে জমা হওয়া গণস্বাক্ষর তুলে দেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দেওয়া অনলাইন আবেদনে ইতোমধ্যে ২ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। এসব স্বাক্ষরের মুদ্রিত কপি জমা দিতে তার সঙ্গে মাত্র ১০০ জন যাবেন বলেও জানান তিনি।
ই-২০ পেট্রলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল বলেন, সরকার চাইলে এ বিষয়ে আলোচনায় বসতে পারে। তারা নিজেদের প্রমাণ উপস্থাপন করবে এবং সরকারও তাদের যুক্তি তুলে ধরতে পারে।
এদিকে কেজরিওয়ালের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা। তিনি দাবি করেন, ই-২০ জ্বালানি ব্যবহারের কারণে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেখাতে হবে।
ভারতে পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর নীতি (E20 Fuel) নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এতে গাড়ির মাইলেজ কমে যেতে পারে এবং ইঞ্জিনের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে সরকার ও সমর্থকরা বলছেন, ইথানল মিশ্রণ জ্বালানি আমদানি কমানো ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের অংশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস












