Home অর্থনীতি একীভূত পাঁচ ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের হাতে ফেরার পথ বন্ধ

একীভূত পাঁচ ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের হাতে ফেরার পথ বন্ধ

0
6
একীভূত পাঁচ ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের হাতে ফেরার পথ বন্ধ

জাতীয় নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা: একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের হাতে ফিরে যাওয়ার সুযোগ বন্ধ করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সংশোধনীটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করা হয়েছিল। একই সঙ্গে ব্যাংকগুলোকে দুর্বল করার জন্য দায়ী ব্যক্তিদের পুনরায় মালিকানায় ফেরার পথও বন্ধ রাখা হয়েছিল।

তবে সংসদে অধ্যাদেশটি আইন হিসেবে পাস হওয়ার সময় নতুন ১৮(ক) ধারা যুক্ত করা হয়। ওই ধারার মাধ্যমে একীভূত ব্যাংকগুলোর সাবেক মালিকদের নির্দিষ্ট শর্তে আবারও মালিকানায় ফেরার সুযোগ তৈরি হয়েছিল।

বিধানটি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা তৈরি হওয়ার পর এবার ১৮(ক) ধারাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারার সব শর্ত মেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় সরকার ধারাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিসভায় আরও দুটি সিদ্ধান্ত

এদিনের বৈঠকে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘ভিসা নীতি-২০২৬’-এরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here