ন্যাশনাল নিউজ ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬
আপডেট: ১২ আগস্ট ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পেলেও সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
মিফতাহ সিদ্দিকী গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এর আগে সিলেটের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নেতাদের দায়িত্ব দেওয়ার ঘটনাও ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক করা হয় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। তিনি সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার এমএ সালামকে গত জুনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান করা হয়। এর আগে গত মার্চে সিলেট জেলা পরিষদের প্রশাসক করা হয় বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে। তিনি সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এ ছাড়া গত জুনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় নগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েসকে।
এভাবে সিলেটে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীকে সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার পর সর্বশেষ মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হলো।
সিলেট ওয়াসা
২০২২ সালের ২ মার্চ সিলেট মহানগর এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠন করা হয়। ওই সময় অধ্যাপক ডা. এ কে এম হাফিজকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমানকে ওয়াসার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এরপর নতুন করে কাউকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।
সূত্র: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট তথ্য











