ন্যাশনাল ডেস্ক | বিডি ভিউজ বাংলা
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একই বিছানায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পাশের ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে একই বিছানায় দুজনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: RTV Online










