Home সারাদেশ পাঁচ দিন পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

পাঁচ দিন পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

0
5
পাঁচ দিন পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

চট্টগ্রাম প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা

বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও চালু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার সকাল ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি বলেন, এর আগে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়। রেললাইন এখন ট্রেন চলাচলের জন্য নিরাপদ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, দুপুর ২টা ২০ মিনিটের দিকে পর্যটক এক্সপ্রেস নগরের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া অংশ অতিক্রম করে। গত কয়েক দিন টানা বর্ষণের কারণে ওই এলাকার রেললাইন পানির নিচে তলিয়ে ছিল।

ট্রেন চলাচল শুরুর আগে দুপুরে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠে যায়। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারকি করা হয়েছে।

ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাইন উদ্দিন মামুন জানান, গত মঙ্গলবার থেকে জান আলী হাট স্টেশনে আটকে থাকা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস দুপুর ১২টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করে নিরাপদে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

অন্যদিকে জান আলী হাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেসও দুপুর ২টার দিকে একই ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করে কক্সবাজারের পথে যাত্রা অব্যাহত রাখে।

এর আগে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে যায়। এতে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকা পড়ে।

পরিস্থিতি বিবেচনায় রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল।

রেলওয়ের প্রকৌশলীরা জানান, বন্যার পানির তীব্র স্রোতে রেললাইনের নিচের পাথর সরে গিয়েছিল। তবে রেললাইন বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি। পাথর পুনর্বিন্যাস ও ঝুঁকিপূর্ণ অংশ মেরামতের কাজ শেষ হওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here