নরসিংদী প্রতিনিধি | বিডি ভিউজ বাংলা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৫ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে স্মারকলিপিটি জমা দেন তারা।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও চলমান আন্দোলনের কারণে অধিকাংশ পরীক্ষার্থী মানসিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো প্রস্তুত ছিলেন না। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে।
- ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে।
- পরবর্তী সব এইচএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের নির্ধারিত বোর্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে।
- ১৩ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি অথবা পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
- শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
এর আগে জেলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।











