স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুর সৃষ্টি করে দিল্লি থেকে যারা আত্মসমর্পণের হুঙ্কার দিচ্ছেন, তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি এবং বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আত্মসমর্পণ করবেন। আমি গোটা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা আইনের কাছে দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করা হবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি হুঙ্কারের জবাবে আমরা আরও সংঘবদ্ধ হবো এবং দেশের স্বার্থে এক কাতারে দাঁড়াবো। এ দেশে আর কখনোই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেওয়া হবে না।”
বিচার কার্যক্রমের অগ্রগতি
জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী—
- ১২টি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
- ৪টি মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।
- আবু সাঈদ হত্যা মামলাসহ হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের বিচার আইনি প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে চলছে এবং সরকার বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর।












