Home জাতীয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর আজ ঢাকায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকসহ কূটনৈতিক...

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর আজ ঢাকায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকসহ কূটনৈতিক নানা ইস্যুতে আলোচনা

0
7

আন্তর্জাতিক | কূটনীতি | BD Views Bangla

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ভূরাজনীতি এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।

সফরে বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পৃক্ততাও আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এর আগে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। ওই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here