বিডি ভিউজ বাংলা | অর্থনীতি ডেস্ক
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩.৮৩ টাকা ধরে)।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে জানায়, ২০২৫ সালের জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স ১৫.৪ শতাংশ বেড়েছে।
এর আগে ২০২৫–২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি ডলার রেমিট্যান্স। ফলে নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭.৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারি উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানো সহজ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক












