স্টাফ রিপোর্টার | বিডি ভিউজ বাংলা
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রতিক পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্রেও একাধিক ভুল রয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার বহিঃপ্রকাশ।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “দুর্যোগ আর পরীক্ষা একসাথে চলে না”, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”, “তুমি কে? আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি”।
প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। তাদের দাবি, যথাযথ সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।











