Home জাতীয় এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ: হাইকোর্টে স্থগিত আদেশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি নিয়ে...

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ: হাইকোর্টে স্থগিত আদেশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি নিয়ে রুল

0
33
এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ: হাইকোর্টে স্থগিত আদেশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি নিয়ে রুল

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগ: হাইকোর্টে স্থগিত আদেশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি নিয়ে রুল

বিডি ভিউজ বাংলা | নিজস্ব প্রতিবেদক

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নিয়মিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই নতুন সভাপতি নিয়োগের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি, ২০১৯-এর ৭ ধারার বৈধতা এবং সংশ্লিষ্ট মনোনয়ন পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

মেয়াদ শেষ হওয়ার আগেই পরিবর্তন করা হয় সভাপতি

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ২৪ এপ্রিল।

তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগে, ২০২৬ সালের ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক আদেশে ওই মনোনয়ন পরিবর্তন করে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

আইনি নোটিশের পর হাইকোর্টে রিট

হঠাৎ সভাপতি পরিবর্তনের ঘটনায় সমালোচনা শুরু হলে ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজ পরিদর্শক এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

বিধির বৈধতা নিয়ে প্রশ্ন

রিট আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি, ২০১৯-এর ৭ ধারার মাধ্যমে সভাপতির মনোনয়ন পরিবর্তনের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা একচ্ছত্র ও স্বেচ্ছাচারী।

এছাড়া কোনো কারণ উল্লেখ না করে এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই মনোনয়ন পরিবর্তন করা হয়েছে, যা প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী বলেও আবেদনে উল্লেখ করা হয়।

হাইকোর্টের আদেশ

শুনানি শেষে হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধির ৭ ধারা এবং ২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা মনোনয়ন পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন।

একই সঙ্গে ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির মনোনয়ন পরিবর্তনের আদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here